বাগেরহাটে তথ্যের সত্যতা নিশ্চিতকরণে ফ্যাক্ট-চেকিং শীর্ষক সেমিনার


বাগেরহাট প্রতিনিধি, নূরুল হুদা প্রকাশের সময় : মে ১৪, ২০২৬, ৩:৪৬ অপরাহ্ণ
বাগেরহাটে তথ্যের সত্যতা নিশ্চিতকরণে ফ্যাক্ট-চেকিং শীর্ষক সেমিনার

বাগেরহাটে তথ্যের সত্যতা নিশ্চিতকরণ ও ফ্যাক্ট-চেকিং বিষয়ক এক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। খুলনা আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি)-এর উদ্যোগে বৃহস্পতিবার (১৪ মে) বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা আঞ্চলিক সিনিয়র তথ্য অফিসার মো. মেহেদী হাসান।

খুলনা বিভাগীয় উপ-প্রধান তথ্য অফিসার এ.এস.এম কবীর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আরও বক্তব্য দেন বাগেরহাট জেলা তথ্য অফিসের উপপরিচালক মুঈনুল ইসলাম, খুলনা আঞ্চলিক তথ্য অফিসার শারমিন আক্তার রুমা, সহকারী তথ্য অফিসার ফাতেমা তুজ জোহরা ও মো. রমজান আলী, সহকারী পরিচালক বিশ্বজিত শিকদারসহ বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু ও সাধারণ সম্পাদক হেদায়েত হোসাইন লিটন।

এছাড়াও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা আলোচনায় অংশ নেন। সেমিনারে তথ্য যাচাইয়ে নির্ভরযোগ্য সূত্র ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য শেয়ার করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে দ্রুত তথ্য ছড়িয়ে পড়লেও অনেক সময় তা বিভ্রান্তিকর ও গুজবনির্ভর হয়ে ওঠে। তাই ফ্যাক্ট-চেকিং এখন সময়ের গুরুত্বপূর্ণ চাহিদা। তিনি তথ্য যাচাই ছাড়া কোনো কিছু প্রচার বা শেয়ার না করার আহ্বান জানান এবং অপতথ্য রোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম ও নাগরিকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে এ.এস.এম কবীর বলেন, গুজব ও অপতথ্য সামাজিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। তথ্য যাচাই কেবল সাংবাদিকদের নয়, বরং প্রতিটি সচেতন নাগরিকের দায়িত্ব বলেও তিনি মন্তব্য করেন।