পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করলো বিজেপি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৪, ২০২৬, ৪:১৩ অপরাহ্ণ
পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করলো বিজেপি

ভারতের পশ্চিমবঙ্গে পশু জবাই নিয়ে নতুন কড়াকড়ি আরোপ করেছে রাজ্য সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, সরকারি অনুমোদন ও ফিটনেস সনদ ছাড়া গরু, ষাঁড়, মহিষসহ কোনো পশু জবাই করা যাবে না। একইসঙ্গে প্রকাশ্যে বা জনসমাগমস্থলে পশু জবাইও নিষিদ্ধ করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি একটি সংশোধিত বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্ত কার্যকরের ঘোষণা দেয়। নতুন নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত স্থানীয় কর্তৃপক্ষ এবং সরকারি পশু চিকিৎসকের যৌথ সনদ ছাড়া কোনো পশু জবাই করা যাবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গরু, ষাঁড়, বলদ, বাছুর, পুরুষ ও স্ত্রী মহিষসহ বিভিন্ন পশুর ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। পশু জবাইয়ের আগে সনদে নিশ্চিত করতে হবে যে প্রাণীটির বয়স ১৪ বছরের বেশি এবং সেটি আর কাজ বা প্রজননের উপযোগী নয়। এছাড়া বয়স, আঘাত, বিকলাঙ্গতা বা অনিরাময়যোগ্য রোগের কারণে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়লেও জবাইয়ের অনুমতি মিলতে পারে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, জবাইয়ের অনুমতি পাওয়া পশু শুধুমাত্র পৌরসভার কসাইখানা বা স্থানীয় প্রশাসনের নির্ধারিত স্থানে জবাই করা যাবে। কোনো খোলা জায়গা বা জনসমাগমস্থলে পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

সরকার জানিয়েছে, নিয়ম বাস্তবায়নে পৌর চেয়ারম্যান, পঞ্চায়েত সভাপতি বা পশু চিকিৎসকের অনুমোদিত কর্মকর্তারা যেকোনো স্থাপনা পরিদর্শন করতে পারবেন। এ কাজে বাধা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নতুন বিধি লঙ্ঘন করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, এক হাজার রুপি পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। সব অপরাধকে আমলযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর এই নির্দেশনা জারি করা হয়েছে।