গণপরিবহনে প্রতিবন্ধীদের বিনা ভাড়ায় চলাচলের উদ্যোগ নিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৪, ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ
গণপরিবহনে প্রতিবন্ধীদের বিনা ভাড়ায় চলাচলের উদ্যোগ নিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি বা প্রতিবন্ধীদের জন্য গণপরিবহনসহ সব ধরনের পরিবহনে বিনা ভাড়া বা বিশেষ সুবিধায় যাতায়াত নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ডা. জুবাইদা রহমান

বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর কড়াইল এলাকায় প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, একটি প্রতিবন্ধীবান্ধব দেশ গড়তে বাস, ট্রেনসহ সব অবকাঠামোতে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অবাধ প্রবেশ ও চলাচল নিশ্চিত করা জরুরি। প্রতিবন্ধিতা যেন শিশুদের স্বাভাবিক বিকাশে বাধা না হয়, সে লক্ষ্যেই ‘শিশুস্বর্গ’ নামে একটি বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে তিনি ‘শিশু স্বর্গ মডেল’ কর্মসূচির উদ্বোধন করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। উদ্বোধনের আগে তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য আয়োজিত বিভিন্ন শিক্ষাসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্টল পরিদর্শন করেন।

অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন–এর নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার

অনুষ্ঠানে জানানো হয়, সারাদেশে প্রতিবন্ধী সেবা প্রতিষ্ঠানগুলোকে নজরদারির আওতায় আনা হয়েছে। সেবার মানে কোনো ঘাটতি পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হবে।

এছাড়া সিটি করপোরেশন এলাকায় নতুন রেস্টুরেন্ট বা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স পেতে হলে প্রতিবন্ধীদের জন্য প্রবেশ ও ব্যবহার উপযোগী অবকাঠামো নিশ্চিত করা বাধ্যতামূলক করা হচ্ছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, প্রতিবন্ধীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে এবং প্রতিটি নতুন ভবনে অ্যাক্সেসিবিলিটি নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।