আত্রাইয়ে সরকারি বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন


আত্রাই উপজেলা প্রতিনিধি, ​আব্দুল মজিদ মল্লিক  প্রকাশের সময় : মে ১৪, ২০২৬, ২:১৯ অপরাহ্ণ
আত্রাইয়ে সরকারি বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নওগাঁর আত্রাই উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা খাদ্যগুদাম প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম রেজু।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। প্রান্তিক কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার কাজ করছে। কোনো ধরনের অনিয়ম বা মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য সহ্য করা হবে না বলেও তিনি জানান।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, শতভাগ স্বচ্ছতার সঙ্গে ধান-চাল সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হবে। সরকারি মানদণ্ড অনুযায়ী ধান পরীক্ষা করে সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা হবে। কোনো সিন্ডিকেট বা অসাধু চক্র যেন কৃষকদের ক্ষতি করতে না পারে, সে বিষয়ে প্রশাসন কঠোর নজরদারি রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শামসুন্নাহার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ, আত্রাই থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল করিম, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার সরকারসহ বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ৩৬ টাকা কেজি দরে ১ হাজার ৯৫৫ মেট্রিক টন ধান সরাসরি কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হবে। একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান বিক্রি করতে পারবেন। এছাড়া চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে ৪৯ টাকা কেজি দরে ১৬৩ মেট্রিক টন চাল এবং ৩৬ টাকা কেজি দরে ৭১ মেট্রিক টন গম সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত এ সংগ্রহ কার্যক্রম চলবে বলে জানানো হয়েছে।