২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ প্রকাশ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৪, ২০২৬, ৪:৩০ অপরাহ্ণ
২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ প্রকাশ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ৭ জানুয়ারি শুরু হবে বলে জানিয়েছেন ড. আ ন ম এহছানুল হক মিলন। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, পরীক্ষা শেষ হবে ৬ ফেব্রুয়ারি ২০২৭।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে সচিবালয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, সেশনজট কমিয়ে আনার লক্ষ্য নিয়ে সরকার এ বছর ডিসেম্বরের মধ্যেই ২০২৭ সালের সব পাবলিক পরীক্ষা শেষ করার পরিকল্পনা করেছিল। তবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। তিনি জানান, শিক্ষার্থীদের পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ নিশ্চিত করতেই জানুয়ারি থেকে পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী, ৭ জানুয়ারি পরীক্ষা শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি শেষ হবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রশ্নপত্র ফাঁস ও অনিয়ম ঠেকাতে কঠোর নজরদারির কথাও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানানো হয়, পরীক্ষাকেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হবে এবং সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ নিশ্চিত করতে শিক্ষা বোর্ডগুলোকে আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, সরকার চায় শিক্ষার্থীরা চাপমুক্ত পরিবেশে পরীক্ষায় অংশ নিক। সে কারণে সময়সূচি নির্ধারণে শিক্ষার্থীদের মানসিক প্রস্তুতি ও একাডেমিক বাস্তবতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এদিকে নতুন সময়সূচি ঘোষণার পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বিশেষ করে পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ থাকায় শিক্ষার্থীরা আরও ভালোভাবে পরীক্ষার জন্য নিজেদের প্রস্তুত করতে পারবে বলে আশা করা হচ্ছে।