১ কোটি টাকা দিলেই মামলা থেকে নাম উঠিয়ে দেবে: সাকিব


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৪, ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ণ
১ কোটি টাকা দিলেই মামলা থেকে নাম উঠিয়ে দেবে: সাকিব

দীর্ঘদিন ধরেই জাতীয় দল ও দেশের বাইরে অবস্থান করছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ছাত্র আন্দোলনের সময় ঢাকায় গার্মেন্টসকর্মী রুবেল হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তার নাম আসামির তালিকায় যুক্ত হওয়ার পর থেকেই দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন তিনি।

সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব দাবি করেছেন, তার বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা থেকে নাম প্রত্যাহারের জন্য এক কোটি টাকা দাবি করা হয়েছে।

সাক্ষাৎকারে তিনি বলেন, “হ্যাঁ, টাকার একটা প্রস্তাব আমার কাছে এসেছে। বলা হয়েছে, এক কোটি টাকা দিলে আমার নাম কেস থেকে উঠিয়ে দেওয়া হবে। তবে যারা এই টাকা দাবি করছে, তারা বুঝতে পারছে না যে মামলা হওয়ার পর চাইলেই নাম সরানো সম্ভব নয়। শেষ পর্যন্ত পুলিশের তদন্তেই প্রমাণ হতে হবে যে আমার কোনো সম্পৃক্ততা ছিল না।”

কারা এই প্রস্তাব দিয়েছেন—এমন প্রশ্নের জবাবে সাকিব জানান, মামলার এজাহারে বাদীপক্ষের যোগাযোগের জন্য যাদের নাম রয়েছে, তাদের মধ্য থেকে কয়েকজনের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম প্রকাশ করতে চাননি।

ঢাকার আদাবর এলাকায় গার্মেন্টসকর্মী রুবেল হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাকিবকে ২৮ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের। মামলায় মোট ১৫৬ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতপরিচয় আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।

মামলাটি ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর আদাবর থানা-য় দায়ের করেন নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম

নিজেকে নির্দোষ দাবি করে সাকিব বলেন, “আমি কেন টাকা দেব? টাকা দেওয়া মানে তো আমি কোনো সমস্যায় আছি এবং সেখান থেকে বাঁচতে চাইছি। হয়তো তারা ভেবেছে আমার কাছে অনেক টাকা আছে, তাই চাইলেই পাওয়া যাবে।”

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৫ আগস্ট আদাবরের রিংরোড এলাকায় এক প্রতিবাদী মিছিলে অংশ নেন গার্মেন্টসকর্মী রুবেল। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা ও সহযোগিতায় মিছিলে গুলি চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে রুবেল বুকে ও পেটে গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট তার মৃত্যু হয়।