১০ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৪, ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
১০ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের ১০টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, এসব বিশ্ববিদ্যালয়ে শর্তসাপেক্ষে নতুন ভিসি নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আরও কয়েকজনের ফাইল অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের প্রজ্ঞাপন শিগগিরই জারি হতে পারে।

নিয়োগ প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে এসব নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের বয়স—যেটি আগে ঘটবে, সে সময় পর্যন্ত সংশ্লিষ্টরা উপাচার্যের দায়িত্ব পালন করবেন। দায়িত্বকালীন সময়ে তারা নিজ পদের সমপরিমাণ বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

এছাড়া প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে উপাচার্যকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে। নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), ইসলামী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

এর মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। তিনি শিক্ষক রাজনীতিতে বিএনপিপন্থী হিসেবে পরিচিত। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম এম শরীফুল করিম। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।

ডুয়েটের নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনিসুর রহমান। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছেন অধ্যাপক ড. গোলাম রব্বানী।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. মোহাম্মদ মোশারফ হোসেন। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছেন অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনে দক্ষতা, স্বচ্ছতা ও কার্যকর নেতৃত্ব নিশ্চিত করতেই এসব নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পরিবর্তন আনার পরিকল্পনাও রয়েছে।