হামে আক্রান্ত যমজ শিশুর পাশে প্রধানমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৪, ২০২৬, ১২:৩২ অপরাহ্ণ
হামে আক্রান্ত যমজ শিশুর পাশে প্রধানমন্ত্রী

সম্প্রতি জাতীয় দৈনিকে প্রকাশিত “হামের পরে নিউমোনিয়া, আইসিইউতে লড়ছে ২ যমজ শিশু” শিরোনামের প্রতিবেদন নজরে আসার পর গুরুতর অসুস্থ দুই যমজ শিশু হাসান ও হোসেনের চিকিৎসা ও সার্বিক সহায়তায় এগিয়ে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই বছর বয়সী এই যমজ শিশু বর্তমানে ঢাকার মুগদা জেনারেল হাসপাতাল-এ চিকিৎসাধীন ছিল। বুধবার (১৩ মে) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল হাসপাতালে গিয়ে শিশুদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে চিকিৎসার খোঁজখবর নেন।

এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পরিবারের হাতে আর্থিক সহায়তা ও পুষ্টিকর ফলমূল তুলে দেওয়া হয়। প্রতিনিধি দল হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলে শিশুদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

চিকিৎসকরা জানান, হাসান ও হোসেনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে এবং তাদের আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। তবে তারা এখনও পুষ্টিহীনতায় ভুগছে এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিনিধি দলে ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। এছাড়া উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ডা. মেজবাহুর রহমান, সিনিয়র কনসালট্যান্ট ডা. মো. শাখাওয়াত হোসেন, শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শামীম ইবনে হালিমসহ অন্যান্য চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা।

পরিবার সূত্রে জানা যায়, যমজ শিশুদের বাবা একজন রাজমিস্ত্রী। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা-এর প্রত্যন্ত এলাকায়।চিকিৎসকরা আশা করছেন, উন্নত চিকিৎসা ও পর্যবেক্ষণে থাকলে শিশু দুটির অবস্থার আরও উন্নতি ঘটবে।