স্থায়ী জামিনের সঙ্গে দেশত্যাগের অনুমতিও পেলেন আনিস আলমগীর


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৪, ২০২৬, ৭:৩৬ অপরাহ্ণ
স্থায়ী জামিনের সঙ্গে দেশত্যাগের অনুমতিও পেলেন আনিস আলমগীর

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাংবাদিক Anis Alamgirকে স্থায়ী জামিন দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে যেকোনো সময় বিদেশ যাওয়ার অনুমতিও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ আসামিপক্ষের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন আসামির আইনজীবী তাসলিমা জাহান পপি।

মামলার নির্ধারিত শুনানির তারিখে আনিস আলমগীর আদালতে হাজির হন। এ সময় তার পক্ষে স্থায়ী জামিন, ব্যক্তিগত হাজিরা মওকুফ এবং বিদেশ গমনের অনুমতি চেয়ে পৃথক তিনটি আবেদন করা হয়। শুনানি শেষে আদালত স্থায়ী জামিন ও বিদেশ গমনের অনুমতি মঞ্জুর করেন। তবে ব্যক্তিগত হাজিরা মওকুফের আবেদন নামঞ্জুর করা হয়।

এর আগে গত ১৫ জানুয়ারি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে ২৫ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন এবং ২৮ জানুয়ারি আদালত তাকে এ মামলায় গ্রেপ্তার দেখান। মামলার অভিযোগ অনুযায়ী, আনিস আলমগীরের নামে ২৫ লাখ টাকার স্থাবর সম্পদ এবং ৩ কোটি ৮৪ লাখ ৬৮ হাজার ৭৮৯ টাকার অস্থাবর সম্পদসহ মোট ৪ কোটি ৯ লাখ ৬৮ হাজার ৭৮৯ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। পারিবারিক ও অন্যান্য ব্যয় হিসেবে ১৫ লাখ ৯০ হাজার টাকা ধরা হয়।

এ হিসাবে মোট অর্জিত সম্পদ দাঁড়ায় ৪ কোটি ২৫ লাখ ৫৮ হাজার ৭৮৯ টাকা। দুদকের হিসাবে তার বৈধ আয়ের উৎস থেকে পাওয়া যায় ৯৯ লাখ ৯ হাজার ৮৫১ টাকা। এর মধ্যে অতীত সঞ্চয়, টক শো ও পরামর্শক আয়, প্লট বিক্রি এবং ব্যাংক সুদ অন্তর্ভুক্ত রয়েছে। দুদকের দাবি অনুযায়ী, ঘোষিত আয়ের তুলনায় ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকার সম্পদের উৎস পাওয়া যায়নি, যা মোট সম্পদের প্রায় ৭৭ শতাংশ এবং জ্ঞাত আয় বহির্ভূত হিসেবে উল্লেখ করা হয়েছে।