স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৪, ২০২৬, ১২:২৩ অপরাহ্ণ
স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি

আগামী এক বছরের মধ্যে দেশের সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন ধাপে ধাপে সম্পন্ন করার লক্ষ্য নিয়ে পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা প্রণয়ন করছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, স্থানীয় সরকার নির্বাচনই এখন কমিশনের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি বলেন, এই নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলমান থাকলেও এখনো তা পুরোপুরি সম্পন্ন হয়নি।

তিনি আরও জানান, আইন, বিধি ও নীতিমালা সংশোধন, বাজেট বরাদ্দ, প্রশাসনিক প্রস্তুতি এবং মৌসুমি বাস্তবতা বিবেচনায় নিয়ে একটি সমন্বিত কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে। পরিকল্পনা চূড়ান্ত হলে কোন নির্বাচন কখন এবং কোন ধাপে হবে তা বিস্তারিত জানানো হবে। ইসি সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন পর্যায়ক্রমে আয়োজনের চিন্তা রয়েছে। তবে কোন নির্বাচন আগে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

নির্বাচন কমিশনার বলেন, আইন ও বিধিমালায় কিছু সংশোধনের প্রয়োজন রয়েছে, যা সম্পন্ন করতে আনুমানিক তিন থেকে চার মাস সময় লাগতে পারে। এরপর পূর্ণাঙ্গ নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে। তিনি আরও জানান, আগামী জাতীয় বাজেট, বর্ষা মৌসুম এবং মাঠ প্রশাসনের প্রস্তুতির বিষয়গুলোও পরিকল্পনায় গুরুত্ব পাচ্ছে। সব দিক বিবেচনায় নিয়ে সময়সূচি নির্ধারণ করা হবে।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের অবস্থান প্রসঙ্গে সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন সম্পন্ন করার চেষ্টা করা হবে। এদিকে নির্বাচন কমিশনার আশাবাদ ব্যক্ত করে বলেন, স্থানীয় সরকার নির্বাচনও জাতীয় নির্বাচনের মতো অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “জাতীয় নির্বাচন যে মানদণ্ডে হয়েছে, তার নিচে নামার কোনো সুযোগ নেই।”

তিনি আরও বলেন, ভবিষ্যতে স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক ও রাজনৈতিক পরিচয় থাকবে কি না, তা এখনো চূড়ান্ত নয়। কমিশন সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেবে। সবশেষে তিনি বলেন, দেশের নির্বাচন ব্যবস্থার প্রতি আন্তর্জাতিক অঙ্গনে যে ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে, তা ধরে রাখতে কমিশন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং ভালো নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব পদ্ধতি প্রয়োগ করা হবে।