
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি বলেছেন, সাংবাদিকরা হচ্ছেন জাতির দর্পণ ও বিবেক। দেশের সার্বিক উন্নয়নে তাদের ভূমিকা অনস্বীকার্য। অতীতের মতো আগামীতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা উন্নয়নের অংশীদার হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট প্রেসক্লাব আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি সুরাইয়া জেরিন রনি আরও বলেন, তিনি জয়পুরহাট ও বগুড়া—উভয় জেলাকেই সমান গুরুত্ব দেন। উন্নয়নের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য করা হবে না বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, “আমি মানুষের সেবায় কাজ করতে চাই এবং এলাকার উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।”
জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব এবং জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আব্দুল আলীম। সভায় উপস্থিত বক্তারা সাংবাদিকতার স্বাধীনতা, বস্তুনিষ্ঠতা এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রমে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন।
সভা শেষে অতিথিরা স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং উন্নয়ন কার্যক্রমে গণমাধ্যমের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :