
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিরোধ, মাদকবিরোধী সচেতনতা এবং বাল্যবিবাহ রোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ মে) দুপুর ২টায় সরাইল উপজেলা প্রশাসনের পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবু সাঈদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজ থেকে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক নির্মূলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি শিক্ষার প্রসার, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
সভায় উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল জব্বার, সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভায় বক্তারা সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন। তারা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সভা শেষে উপস্থিত অতিথিরা একটি নিরাপদ ও সচেতন সমাজ গঠনে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :