
টাঙ্গাইলের সখীপুরে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ের দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সখীপুর পিএম পাইলট মডেল গভ: স্কুল অ্যান্ড কলেজ। বৃহস্পতিবার সকাল ১১টায় সখীপুর আবাসিক মহিলা কলেজ হলরুমে প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।
দুর্নীতি দমন কমিশন এবং সখীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবারের বিতর্কের বিষয় ছিল— “আইন নয়, সামাজিক সচেতনতা সৃষ্টিই দুর্নীতি প্রতিরোধের প্রধান উপায়।”
প্রতিযোগিতায় রানার্সআপ হয় সখীপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আ. রউফ এবং সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক মামুন হায়দার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম। তিনি বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এবারের প্রতিযোগিতায় উপজেলার মোট আটটি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। অনুষ্ঠান শেষে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরস্কার বিতরণ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :