
সরকার কেবল তাত্ত্বিক শিক্ষায় সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়–এর নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাহদী আমিন বলেন, ভবিষ্যতে একটি সুশিক্ষিত জাতি গঠনে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে।
তারুণ্যের আকাঙ্ক্ষাকে কেন্দ্র করেই আগামীর বাংলাদেশ গড়ে তোলা হবে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষায় কোনো ধরনের বৈষম্য থাকা উচিত নয়। তার ভাষায়, শিক্ষাব্যবস্থায় শুধু পুঁথিগত জ্ঞান নয়, বরং বাস্তব দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, অনেকের জ্ঞান থাকলেও দক্ষতার অভাব রয়েছে, আবার কারও দক্ষতা থাকলেও প্রয়োজনীয় জ্ঞানের ঘাটতি রয়েছে। বর্তমান সরকার এই দুইয়ের সমন্বয়ে একটি কার্যকর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়।
গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকার প্রশংসা করে মাহদী আমিন বলেন, সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণেই পরিবর্তন সম্ভব হয়েছে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, দেশের প্রতিটি সংকট ও অর্জনে তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ। আগামীর স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জ্ঞান, মেধা, দেশপ্রেম এবং দক্ষতাই হবে মূল শক্তি। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :