শত কণ্ঠে রবীন্দ্র-নজরুল সংগীতে মুখর সাতক্ষীরা শহীদ মিনার


খুলনা ব্যুরো, বরুণ ব্যানার্জী প্রকাশের সময় : মে ১৪, ২০২৬, ৬:১৩ অপরাহ্ণ
শত কণ্ঠে রবীন্দ্র-নজরুল সংগীতে মুখর সাতক্ষীরা শহীদ মিনার

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর জন্মতিথি উপলক্ষে সাতক্ষীরায় শত কণ্ঠে রবীন্দ্র ও নজরুল সংগীত পরিবেশনের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টায় সাতক্ষীরা শহীদ মিনার প্রাঙ্গণে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদের কোষাধ্যক্ষ জহিরুল হক খান।

জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, সাতক্ষীরা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ও সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন।

অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন শুভ্র আহমেদ, গুলশান আরা, আমিনা বিলকিস ময়না, নয়ন ভট্টাচার্য ও প্রতাপ সরকার।

বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য, সংগীত ও সংস্কৃতিকে বিশ্বদরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। তাঁদের সাহিত্য ও সংগীতে মানবতা, সাম্য, প্রেম ও প্রতিবাদের চেতনা প্রতিফলিত হয়েছে।

তারা আরও বলেন, নতুন প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। রবীন্দ্র-নজরুল চর্চা তরুণদের দেশপ্রেম ও বাঙালি সংস্কৃতির প্রতি আরও অনুরাগী করে তুলবে বলেও বক্তারা মত প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।