রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৪, ২০২৬, ৯:৪৫ অপরাহ্ণ
রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

ঢাকাসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে বৃহস্পতিবার (১৪ মে) রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও আভাস দেওয়া হয়েছে।

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে আগামী কয়েকদিন দেশের সব বিভাগেই ঝড়-বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। আবহাওয়ার এমন পরিস্থিতিতে উপকূলীয় এলাকা ও নদীবন্দরগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।