
কুষ্টিয়ার মিরপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ ও চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল গফুর।
বৃহস্পতিবার (১৪ মে) উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আব্দুল গফুর বলেন, মিরপুর উপজেলাকে সম্পূর্ণভাবে মাদকমুক্ত করতে হবে। মাদক ব্যবসা কিংবা এর পৃষ্ঠপোষকতার সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের নির্দেশ দেন।
উপজেলা সদরে নির্মাণাধীন ব্রিজের কাজ দীর্ঘদিন ধরে চলমান থাকায় জনভোগান্তির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “মিরপুর উপজেলা সদরের ব্রিজের কাজ যেকোনো মূল্যে দ্রুততম সময়ের মধ্যে শেষ করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করতে হবে।” উন্নয়ন কাজে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলেও তিনি সতর্ক করেন।
এছাড়া সাম্প্রতিক চুরির ঘটনাগুলো নিয়ে উদ্বেগ জানিয়ে সংসদ সদস্য বলেন, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের অন্যতম প্রধান দায়িত্ব। তিনি রাতের টহল জোরদার এবং চুরির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারা জনস্বার্থে সংসদ সদস্যের এসব নির্দেশনাকে সময়োপযোগী বলে অভিহিত করেছেন।
আপনার মতামত লিখুন :