
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মাদারীপুরে আয়োজিত মাসব্যাপী অনূর্ধ্ব-১৪ সাঁতার প্রশিক্ষণের সমাপনী, সনদপত্র বিতরণ ও প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১৩ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আগে শহরের শকুনী লেকে ৫০ মিটার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে চারটি ভিন্ন ইভেন্টে প্রতিযোগীরা অংশ নেয়। মুক্ত সাঁতার বিভাগে আফিয়া আবিদা রহিছা প্রথম, শ্রাবণী দ্বিতীয় এবং সাকিরা তৃতীয় স্থান অর্জন করে। চিৎ সাঁতারে নিরব প্রথম, ফারদীন দ্বিতীয় ও জুনায়েত তৃতীয় হয়। বুক সাঁতারে নূর মোহাম্মদ প্রথম, সামিউল দ্বিতীয় এবং মানব দাস তৃতীয় স্থান লাভ করে। অন্যদিকে প্রজাপতি সাঁতারে আব্দুর রহমান প্রথম, মুদা দ্বিতীয় ও মাহিন জামান বর্ণ তৃতীয় স্থান অধিকার করে।
মাদারীপুর জেলা ক্রীড়া অফিসার মো. আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ মর্জিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) জুয়েল আহমেদ।
এছাড়া অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদসহ স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে এমন ক্রীড়া উদ্যোগ শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে সহায়ক ভূমিকা রাখছে এবং ভবিষ্যতে দক্ষ সাঁতারু গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
আপনার মতামত লিখুন :