বিশ্ববাজারে আরও বাড়ল সোনার দাম


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৪, ২০২৬, ৮:০১ অপরাহ্ণ
বিশ্ববাজারে আরও বাড়ল সোনার দাম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উচ্চপর্যায়ের বৈঠককে কেন্দ্র করে আন্তর্জাতিক বাজারে আবারও সোনার দাম বেড়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার দিকে ঝুঁকায় বাজারে এ ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে প্রতি আউন্স স্পট সোনার দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে ৪ হাজার ৭০৭ দশমিক ০৮ ডলারে দাঁড়িয়েছে। একই সময় যুক্তরাষ্ট্রের বাজারে জুন মাসের সরবরাহের জন্য সোনার ফিউচার দামও শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে ৪ হাজার ৭১৩ দশমিক ৮০ ডলারে পৌঁছেছে।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের ইল্ড কিছুটা কমে যাওয়ায় সোনার প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। গোল্ডসিলভার সেন্ট্রালের ব্যবস্থাপনা পরিচালক ব্রায়ান ল্যান বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের উচ্চপর্যায়ের আলোচনার ফলাফল নিয়ে অনিশ্চয়তা থাকায় বাজারে এক ধরনের সতর্ক অবস্থান বিরাজ করছে, যার প্রভাব সোনার দামে পড়ছে।

এদিকে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও ভারতের বাজারে সোনার চাহিদা কমে গেছে। আমদানি শুল্ক বৃদ্ধির কারণে সেখানে সোনার দাম বেড়ে যাওয়ায় ক্রেতা কমে গেছে। পরিস্থিতি সামাল দিতে ডিলাররা এখন আউন্সপ্রতি প্রায় ২০০ ডলার পর্যন্ত ছাড়ে সোনা বিক্রি করছেন বলে রয়টার্স জানিয়েছে।

অন্যদিকে, সোনার দাম বাড়লেও অন্যান্য মূল্যবান ধাতুর বাজারে পতন দেখা গেছে। রুপার দাম শূন্য দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৮৭ দশমিক ৩৩ ডলারে নেমেছে। প্ল্যাটিনামের দাম শূন্য দশমিক ৫ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ১ শতাংশ কমেছে।

বাংলাদেশের বাজারেও সোনার দাম উচ্চ পর্যায়ে রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকায় বিক্রি হচ্ছে। ২১ ক্যারেট ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকায় বিক্রি হচ্ছে।