বিনিয়োগ আরও বাড়াতে চীনকে বাণিজ্যমন্ত্রীর আহ্বান


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৪, ২০২৬, ৩:০৫ অপরাহ্ণ
বিনিয়োগ আরও বাড়াতে চীনকে বাণিজ্যমন্ত্রীর আহ্বান

বাংলাদেশের পাট শিল্প এবং সোলার প্রযুক্তি খাতে আরও বেশি বিনিয়োগ করার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেন, এ খাতে চীনা বিনিয়োগ বৃদ্ধি পেলে দুই দেশের বাণিজ্যিক ব্যবধান কমে আসবে এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে।

বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত দ্বিতীয় বাংলাদেশ-চীন গ্রিন টেক্সটাইল এক্সপো ২০২৬-এর উদ্বোধনের আগে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের পাট শিল্প ও নবায়নযোগ্য জ্বালানি হিসেবে সোলার প্রযুক্তিতে চীনা বিনিয়োগ আকর্ষণ করা এখন সময়ের দাবি। এতে দেশীয় শিল্পে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়বে এবং রপ্তানি সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে চীন সক্রিয়ভাবে কাজ করছে। তিনি জানান, টেক্সটাইল খাতে পরিবেশবান্ধব ও ইকো-ফ্রেন্ডলি মেশিন সরবরাহে চীন প্রস্তুত রয়েছে, যা শিল্পকে আরও টেকসই ও আধুনিক করে তুলবে।

তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে ৬০টি চীনা টেক্সটাইল কোম্পানি অংশ নিচ্ছে। এতে পরিবেশবান্ধব ও রিসাইকেলযোগ্য টেক্সটাইল প্রযুক্তি প্রদর্শন, বিটুবি (B2B) মিটিং, সেমিনার এবং প্যানেল আলোচনার আয়োজন করা হয়েছে। পাশাপাশি টেক্সটাইল খাতের নতুন উদ্ভাবন ও আধুনিক মেশিনারিজও প্রদর্শিত হচ্ছে।

আয়োজকরা জানান, এই প্রদর্শনী আগামী ১৬ মে পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য এটি উন্মুক্ত থাকবে।বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের আয়োজন বাংলাদেশের টেক্সটাইল খাতে প্রযুক্তিগত উন্নয়ন ও আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।