
এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার রুটিন নির্ধারণকে কেন্দ্র করে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৪ মে) বিকেল ৩টায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে পরীক্ষার সময়সূচি ও নীতিগত সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত জানাবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক এক বার্তায় বিষয়টি নিশ্চিত করে জানান, এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি এবং সংশ্লিষ্ট সিদ্ধান্ত জানাতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এর আগে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে শিক্ষা প্রশাসনের মধ্যে আলোচনা শুরু হয়। সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রতিবছর ডিসেম্বরের মধ্যেই পাবলিক পরীক্ষা শেষ করার বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। তবে সময় এগিয়ে আনার প্রস্তাব নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মতবিরোধ তৈরি হয়।
শিক্ষা মন্ত্রণালয়ে সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও বিশেষজ্ঞরা অংশ নেন। সেখানে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরের শেষ দিকে শুরু করে জানুয়ারি পর্যন্ত চালানোর একটি প্রাথমিক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজকের সংবাদ সম্মেলনে পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করা হতে পারে। একই সঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষার দীর্ঘমেয়াদি রোডম্যাপ পুনর্গঠনের পরিকল্পনাও প্রকাশ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শিক্ষার্থী ও অভিভাবকরা এই ঘোষণার দিকে নজর রাখছেন, কারণ নতুন সময়সূচি শিক্ষা কার্যক্রম ও পরীক্ষার প্রস্তুতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :