
দেশে কৃষি উৎপাদন বাড়লেও নিরাপদ খাদ্য উৎপাদন এখনো আশানুরূপ নয় বলে মন্তব্য করেছেন ফরিদপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা। তিনি বলেন, অধিক ফলনের আশায় কৃষকেরা অতিরিক্ত কীটনাশক ও বিষাক্ত রাসায়নিক ব্যবহার করছেন, যার ফলে এসব খাদ্য গ্রহণ করে মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুঝুঁকিও বাড়ছে।
বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ” (পার্টনার) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত পার্টনার কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আগামী প্রজন্মের সুস্থ ভবিষ্যতের জন্য এখন থেকেই বিষমুক্ত ও নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্ব দিতে হবে। এ বিষয়ে কৃষকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. মামুনুর রহমান বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরেও কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। কৃষকরা ন্যায্যমূল্য পেলে উৎপাদনে আরও আগ্রহী হবেন বলে তিনি মনে করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির। সঞ্চালনা করেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রুহুল কুদ্দুস আহম্মেদ।
স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মিজানুর রহমান। এছাড়া বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছালাম খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, সমবায় কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের অতিথিরা।
অনুষ্ঠানে কৃষক, কৃষাণী, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা নিরাপদ কৃষি উৎপাদন, কৃষকের ন্যায্যমূল্য এবং টেকসই কৃষি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।
আপনার মতামত লিখুন :