নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক মোশারফ হোসেন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৪, ২০২৬, ৭:০৮ অপরাহ্ণ
নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক মোশারফ হোসেন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। তিনি বর্তমানে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছেন।

বুধবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১০(১) ধারা অনুযায়ী তাকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, তার নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত—যেটি আগে ঘটবে। এ সময় তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করবেন। প্রয়োজনে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়–এর উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ একাডেমিক জীবনে তিনি শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

তিনি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। নতুন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো গঠন ও একাডেমিক কার্যক্রম পরিচালনায় তার ভূমিকা উল্লেখযোগ্য বলে সংশ্লিষ্টরা জানান। এই নিয়োগের মাধ্যমে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অষ্টম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।