ধ্বংসস্তূপ থেকে ইট বানিয়ে গাজার দুই বোন পেলেন আন্তর্জাতিক পুরস্কার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৪, ২০২৬, ১১:১২ পূর্বাহ্ণ
ধ্বংসস্তূপ থেকে ইট বানিয়ে গাজার দুই বোন পেলেন আন্তর্জাতিক পুরস্কার

যুদ্ধবিধ্বস্ত গাজা-র ধ্বংসস্তূপকে কাজে লাগিয়ে পুনর্ব্যবহারযোগ্য ইট তৈরির অভিনব উদ্যোগ নিয়ে আন্তর্জাতিক পরিবেশ পুরস্কার অর্জন করেছেন দুই ফিলিস্তিনি কিশোরী। ফারাহ মুসাতালা মুসা নামের এই দুই বোন মধ্যপ্রাচ্য অঞ্চলের মর্যাদাপূর্ণ ‘আর্থ প্রাইজ’ বিজয়ী হিসেবে নির্বাচিত হয়েছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বুধবার (১৩ মে) প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, ১৭ বছর বয়সী তালা ও ১৫ বছর বয়সী ফারাহ বর্তমানে গাজার একটি তাঁবুতে বসবাস করছেন। চলমান সংঘাতের কারণে তাদের বাড়িঘর ধ্বংস হয়ে যাওয়ার পর একাধিকবার বাস্তুচ্যুত হতে হয়েছে পরিবারটিকে।

সাক্ষাৎকারে তালা মুসা বলেন, পুরো শহর ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর তারা বাধ্য হয়েই নতুন কোনো সমাধানের পথ খুঁজতে শুরু করেন। সেই ভাবনা থেকেই জন্ম নেয় ধ্বংসস্তূপ পুনর্ব্যবহারের এই উদ্যোগ।

প্রতিবেদনে বলা হয়, দুই বোন ধ্বংসপ্রাপ্ত ভবনের কংক্রিট, ভাঙা নির্মাণসামগ্রী, মাটি, ছাই এবং কাচের গুঁড়ো মিশিয়ে বিশেষ ধরনের হালকা ওজনের ইট তৈরি করেছেন। এসব ইট অস্থায়ী দেয়াল, ফুটপাত ও বাগানের কাঠামো নির্মাণে ব্যবহার করা সম্ভব।

প্রথমদিকে তারা নিজেদের তৈরি ব্লক ব্যবহার করেন ঝড়ো আবহাওয়ায় তাঁবু স্থিতিশীল রাখার কাজে। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তারা ব্লকের গুণগত মান আরও উন্নত করেন।

তালা মুসা বলেন, “আমরা ধ্বংসকে শুধু ক্ষতি হিসেবে দেখিনি। বরং সেই ধ্বংসস্তূপ থেকেই নতুন কিছু গড়ে তোলার চেষ্টা করেছি।” তাদের কাছে এই উদ্যোগ কেবল একটি উদ্ভাবন নয়, বরং নতুন শুরুর প্রতীক।

এই ব্যতিক্রমী উদ্ভাবনের স্বীকৃতি হিসেবে দুই বোন পেয়েছেন ১২ হাজার ৫০০ মার্কিন ডলার পুরস্কার, যা বাংলাদেশি মুদ্রায় ১৫ লাখ টাকারও বেশি। পুরস্কারের অর্থ দিয়ে তারা গাজার শতাধিক তরুণকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করছেন, যাতে আরও মানুষ পুনর্ব্যবহার ও টেকসই নির্মাণকাজে যুক্ত হতে পারে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধের ধ্বংসস্তূপের মধ্যেও ফারাহ ও তালার এই উদ্যোগ মানবিক সংকটের মধ্যে আশার নতুন বার্তা হয়ে উঠেছে।