দুই ঘণ্টার মধ্যেই বেরোবির নতুন উপাচার্যের নিয়োগ বাতিল


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৪, ২০২৬, ৯:০৭ অপরাহ্ণ
দুই ঘণ্টার মধ্যেই বেরোবির নতুন উপাচার্যের নিয়োগ বাতিল

দেশের ১১টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমানকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলেও প্রজ্ঞাপন জারির এক ঘণ্টার মধ্যেই সেই নিয়োগ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের ১৪ মের ৩৭.০০.০০০০.০৭৯.১১.১৮১.২২-২০৬ এবং ৩৭.০০.০০০০.০৭৯.১১.১৮১.২২-২০৭ নম্বর স্মারকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর সম্পর্কিত যে আদেশ দেওয়া হয়েছিল, তা বাতিল করা হলো।

এর আগে জারি করা প্রজ্ঞাপনে অধ্যাপক ড. আনিসুর রহমানকে চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

তবে নিয়োগ ঘোষণার পরপরই তাকে ঘিরে বিতর্ক শুরু হয়। অভিযোগ ওঠে, তিনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদের বোন জামাই। এ বিষয়টি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনার সৃষ্টি হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের সাবেক এক মন্ত্রীর নিকটাত্মীয় হওয়ায় নিয়োগটি নিয়ে প্রশ্ন ওঠে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় নিয়ে তার নিয়োগ বাতিল করা হয়।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় অঙ্গনসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।