তালাবদ্ধ হাসপাতাল দেখে ক্ষুব্ধ এমপি জাহান্দার আলী


মাদারীপুর জেলা প্রতিনিধি, প্রণব কুমার সাহা প্রকাশের সময় : মে ১৪, ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ণ
তালাবদ্ধ হাসপাতাল দেখে ক্ষুব্ধ এমপি জাহান্দার আলী

মাদারীপুর বক্ষব্যাধি হাসপাতাল পরিদর্শনে গিয়ে অফিস চলাকালীন সময়ে প্রধান ফটকে তালা ঝুলতে দেখে ক্ষোভ প্রকাশ করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। গত বুধবার দুপুর তিনটার দিকে তিনি হাসপাতালটি পরিদর্শনে গেলে এমন পরিস্থিতির মুখোমুখি হন।

ফটক বন্ধ দেখতে পেয়ে তিনি উপস্থিত স্থানীয়দের সঙ্গে কথা বলে হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি বলেন, “সরকারি হাসপাতাল অফিস সময়ের মধ্যে বন্ধ থাকা অত্যন্ত হতাশাজনক। সাধারণ মানুষ চিকিৎসাসেবা নিতে এসে যদি হাসপাতালের দরজায় তালা দেখতে পায়, তাহলে সেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা সিভিল সার্জনের প্রতি আহ্বান জানান।

সংসদ সদস্যের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকিরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

তবে কী কারণে হাসপাতালের ফটক বন্ধ রাখা হয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিয়মিত তদারকি ও কার্যকর জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানিয়েছেন।