ট্রেনে ঈদযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি চলছে


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৪, ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ণ
ট্রেনে ঈদযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি চলছে

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ২৮ মে ঈদুল আজহা ধরে বিশেষ ব্যবস্থায় পাঁচ দিনের অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৮টায় রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর ২৪ মে যাত্রার টিকিট বিক্রি শুরু হয়। একই দিন দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে।

রেলওয়ের ঈদকালীন কর্মপরিকল্পনা অনুযায়ী, আন্তঃনগর ট্রেনের ২৩ মে’র টিকিট বিক্রি করা হয়েছে ১৩ মে। এছাড়া ২৫ মে’র টিকিট বিক্রি হবে ১৫ মে, ২৬ মে’র টিকিট ১৬ মে এবং ২৭ মে’র টিকিট বিক্রি হবে ১৭ মে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদ অগ্রিম যাত্রার ক্ষেত্রে কেবল একবার টিকিট কিনতে পারবেন। প্রতি যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট ক্রয়ের সুযোগ পাবেন। তবে ঈদ অগ্রিম যাত্রার টিকিট কোনোভাবেই ফেরত বা রিফান্ড করা যাবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। তবে এই সুবিধা উচ্চ শ্রেণির আসনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

এদিকে ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র ট্রেনের টিকিট বিক্রির তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে রেলওয়ে।

কোরবানির পশু পরিবহনের সুবিধার্থে এবারও চালু করা হচ্ছে দুটি বিশেষ ‘ক্যাটল স্পেশাল’ ট্রেন। ২২ ও ২৩ মে ট্রেন দুটি দেওয়ানগঞ্জ বাজারইসলামপুর বাজার থেকে ছেড়ে কমলাপুর রেলস্টেশন, তেজগাঁও রেলস্টেশন এবং ঢাকা ক্যান্টনমেন্ট রেলস্টেশন স্টেশনে পৌঁছাবে।

অন্যদিকে, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নারী যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ হাইকোর্ট। আদালত প্রতিটি যাত্রীবাহী ট্রেনে নারী যাত্রীদের জন্য একটি নির্দিষ্ট বগি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (১২ মে) বিচারপতি ফাহমিদা কাদেরআসিফ হাসান-এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।