
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার প্রকল্প এবং অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-এর আওতায় খাল খনন, পুনঃখনন ও সংস্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ২টায় উপজেলার ডুমরিয়া ইউনিয়নের পারঝনঝনিয়া ২ নম্বর ওয়ার্ডে এ উন্নয়নমূলক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য এস. এম. জিলানী। তিনি নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে খনন কাজের উদ্বোধন করেন এবং শ্রমিকদের সঙ্গে অংশ নেন।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, কৃষি ও পরিবেশ রক্ষায় সরকারের এ উদ্যোগ এলাকার জলাবদ্ধতা নিরসন এবং সেচ সুবিধা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ প্রকল্প বাস্তবায়নের ফলে স্থানীয় কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং গ্রামীণ অর্থনীতি আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: রাকিবুল ইসলাম এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম আনসার।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডুমুরিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ নিজাম শেখ, ইউপি সদস্য মমরেজ ফকির, বিজয় বাড়ুই ও নিরাপদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ইজিপিপি কর্মসূচির আওতায় পরিচালিত এ খাল সংস্কার কাজ সম্পন্ন হলে দীর্ঘদিনের পানি নিষ্কাশন সমস্যার সমাধান হবে। পাশাপাশি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে এবং শুষ্ক মৌসুমে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, যা কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলবে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা প্রকল্প এলাকা পরিদর্শন করেন এবং কাজের মান বজায় রাখার নির্দেশনা দেন।
আপনার মতামত লিখুন :