
দেশের ঝুঁকিপূর্ণ অবকাঠামোযুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দীর্ঘ ২৫ বছরেও যেসব বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ হয়নি, সেসব প্রতিষ্ঠানের বিস্তারিত তালিকা চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
বুধবার (১৩ মে) অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিল-এর স্বাক্ষরিত এক চিঠিতে দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, যেসব বিদ্যালয়ের ভবন অত্যন্ত পুরোনো, যেখানে ভবনের কলাম, বিম বা ছাদে ফাটল রয়েছে, ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিংবা প্লাস্টার খসে রড বেরিয়ে গেছে—সেসব ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করতে হবে। পাশাপাশি যেসব ভবন সংশ্লিষ্ট কমিটি কর্তৃক অকেজো ঘোষণা করেছে, সেগুলোও তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া যেসব বিদ্যালয়ে আলাদা টিনশেড ঘর বা অস্থায়ী টিনশেড কক্ষে পাঠদান চলছে, সেগুলোকেও নতুন ভবন নির্মাণের জন্য রিপ্লেসমেন্ট তালিকায় অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানায়, অবকাঠামো উন্নয়নের স্বার্থে ঝুঁকিপূর্ণ ভবন এবং দীর্ঘদিন ধরে নতুন ভবনবিহীন বিদ্যালয়গুলোর জেলা ভিত্তিক তথ্য জরুরিভিত্তিতে পাঠাতে হবে। আগামী ২৪ মে’র মধ্যে নির্ধারিত ছক অনুযায়ী সফট কপি ই-মেইলে এবং হার্ড কপি ডাকযোগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠির অনুলিপি বিভাগীয় উপপরিচালক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগের মাধ্যমে দেশের প্রাথমিক শিক্ষার অবকাঠামো পরিস্থিতির বাস্তব চিত্র উঠে আসবে এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সহজ হবে।
আপনার মতামত লিখুন :