জাতিসংঘের সাধারণ পরিষদের নির্বাচনী প্রচারে ড. খলিলুর রহমানের ৬ দফা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৪, ২০২৬, ৫:০৭ অপরাহ্ণ
জাতিসংঘের সাধারণ পরিষদের নির্বাচনী প্রচারে ড. খলিলুর রহমানের ৬ দফা

জাতিসংঘ সনদের মূলনীতি সমুন্নত রেখে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ঐকমত্য গড়ে তোলা এবং স্বচ্ছ ও পূর্ণকালীন দায়িত্ব পালনের অঙ্গীকার করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) আসন্ন সভাপতির নির্বাচনকে সামনে রেখে প্রচারণার অংশ হিসেবে দেওয়া বক্তব্যে তিনি তার ছয়টি মূল অঙ্গীকার তুলে ধরেন। স্থানীয় সময় বুধবার (১৩ মে) বিকেলে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এক অনানুষ্ঠানিক সেশনে তিনি এসব পরিকল্পনা উপস্থাপন করেন। ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতি পদে নির্বাচনকে কেন্দ্র করে তিনি এ প্রচারণায় অংশ নেন।

বক্তব্যে ড. খলিলুর রহমান বলেন, বিশ্বজুড়ে শান্তিরক্ষায় বাংলাদেশের দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি সমন্বিত ও কার্যকর কূটনৈতিক পদ্ধতি গড়ে তোলার পক্ষে তিনি কাজ করবেন। তিনি আরও বলেন, উন্নয়নশীল দেশগুলোর অর্থায়নের ঘাটতি, ঋণের টেকসই ব্যবস্থাপনা এবং উন্নয়ন চাহিদা পূরণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে তার অন্যতম অগ্রাধিকার।

তৃতীয় অঙ্গীকারে তিনি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ‘ক্ষয়ক্ষতি’ (Loss and Damage) তহবিলকে এগিয়ে নেওয়া, পাশাপাশি জীববৈচিত্র্য ও সামুদ্রিক বাস্তুতন্ত্র রক্ষায় জোরালো ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন। এছাড়া রোহিঙ্গা সংকটে তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি মানবাধিকার রক্ষা, মানবিক সহায়তা নিশ্চিত করা এবং শরণার্থী ও বাস্তুচ্যুত জনগোষ্ঠীর প্রতি আন্তর্জাতিক সমর্থন জোরদারের ওপর গুরুত্ব দেন।

ডিজিটাল শাসন ব্যবস্থায় ন্যায়সংগত ও দায়িত্বশীল নীতিমালা প্রণয়ন এবং জাতিসংঘের অভ্যন্তরীণ সংস্কারকে আরও কার্যকর করার বিষয়টিও তার অঙ্গীকারের মধ্যে রয়েছে। সূচনা বক্তব্যের পর প্রায় দুই ঘণ্টাব্যাপী প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন দেশের প্রতিনিধিদের প্রশ্নের উত্তর দেন তিনি এবং তার পরিকল্পনা ব্যাখ্যা করেন।