জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে: এলজিআরডি মন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৪, ২০২৬, ৭:৫৬ অপরাহ্ণ
জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে: এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের কল্যাণই সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের মূল লক্ষ্য, তাই জনগণের অর্থের এক টাকাও যেন অপচয় না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার (১৪ মে) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে আয়োজিত পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার বিভাগ এবং সিটি করপোরেশনের বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় এই সভার আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, প্রতিটি উন্নয়ন প্রকল্প জনগণের স্বার্থে গ্রহণ করা হয় এবং তা বাস্তবায়িত হয় জনগণের অর্থেই। তাই প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি এবং সময়ানুবর্তিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। একই সঙ্গে প্রকল্প ব্যয় যৌক্তিক পর্যায়ে রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি সতর্ক করে বলেন, উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে সরকারের ভাবমূর্তি যেমন উজ্জ্বল হয়, তেমনি কোনো অনিয়ম বা গাফিলতি পুরো মন্ত্রণালয়ের সুনাম ক্ষুণ্ন করতে পারে। এ কারণে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকল্প পরিচালকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

সভায় মন্ত্রী উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার পাশাপাশি জনসেবার মান বাড়াতে আধুনিক ও টেকসই পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেন।

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সিটি করপোরেশনের প্রতিনিধি এবং উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।