কড়াইল বস্তিতে ‘ফ্রি হার্ট ক্যাম্প’ উদ্বোধন করলেন জুবাইদা রহমান


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৪, ২০২৬, ৪:৩৩ অপরাহ্ণ
কড়াইল বস্তিতে ‘ফ্রি হার্ট ক্যাম্প’ উদ্বোধন করলেন জুবাইদা রহমান

রাজধানীর কড়াইল বস্তি এলাকায় আয়োজিত ‘ফ্রি হার্ট ক্যাম্প’ উদ্বোধন করেছেন হৃদরোগ বিশেষজ্ঞ ও ডা. জুবাইদা রহমান। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে মহাখালীর কড়াইল বস্তির আনসার ক্যাম্প মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান–এর জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এই স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে।

আয়োজক সূত্রে জানা যায়, দুপুর ১২টা থেকে ১২টা ৫০ মিনিট পর্যন্ত চলা এ ক্যাম্পে প্রায় ২০০ থেকে ২৫০ জনের হৃদরোগ-সংক্রান্ত স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত হয়ে ডা. জুবাইদা রহমান কয়েকজন রোগীর সঙ্গে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। স্থানীয় বাসিন্দাদের মধ্যে এ আয়োজনকে ঘিরে ব্যাপক আগ্রহ দেখা যায়। পরে তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশন কার্যালয়ে যান। সেখানে বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভোগা নারীদের কথা শোনেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডা. ফরহাদ হালিম ডোনার, আব্দুল সালাম, ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল আলীম নকি, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোমিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাহেদ আলী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং বনানী থানা যুবদলের সাবেক সভাপতি শাজাহান সরকার। আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।