
কক্সবাজারের টেকনাফ ও ঈদগাঁও এলাকায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। বুধবার (১৩ মে) রাত এবং বৃহস্পতিবার (১৪ মে) ভোরে এসব অভিযান পরিচালিত হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১১টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের ডেগিল্যার বিল এলাকায় অভিযান চালায় র্যাব-১৫-এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি দল। অভিযানে একটি লবণবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকানো ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক এবং ১০০ মণ লবণসহ দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন চট্টগ্রামের বাঁশখালীর মো. এমরানুল ইসলাম এবং টেকনাফের সাবরাং এলাকার নুর মোহাম্মদ।
অন্যদিকে, বৃহস্পতিবার রাত ১টার দিকে ঈদগাঁও থানাধীন আলমাছিয়া পূর্ব গেইট এলাকায় র্যাবের আরেকটি দল অভিযান চালায়। সেখানে স্বপ্নচূড়া মার্কেটের সামনে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৫ রাউন্ড তাজা কার্তুজসহ আরও দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ঈদগাঁও থানার কালীরছড়া এলাকার মো. এনামুল হক (এনাম) এবং একই এলাকার মো. নুরুল আফসার রিপন (আফসার)।
র্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক মামলা করা হয়েছে। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, মাদকমুক্ত কক্সবাজার গড়তে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :