উন্নয়নে স্থানীয় প্রশাসনকে আন্তরিক হতে হবে: চিফ হুইপ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৪, ২০২৬, ৬:৪৭ অপরাহ্ণ
উন্নয়নে স্থানীয় প্রশাসনকে আন্তরিক হতে হবে: চিফ হুইপ

কোনো এলাকার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের আন্তরিক ভূমিকা অপরিহার্য বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, প্রশাসনের আন্তরিকতা ছাড়া দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন সম্ভব নয়। বুধবার (১৪ মে) বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে নির্বাচনি ইশতেহার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, বরগুনাসহ বঙ্গোপসাগর উপকূলীয় অঞ্চলগুলো নিয়মিত প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়। এতে এসব এলাকার মানুষ ব্যাপক ক্ষতির শিকার হয়। তাই উপকূলীয় অঞ্চলের উন্নয়ন ও দুর্যোগ মোকাবিলায় পৃথক ‘উপকূলীয় মন্ত্রণালয়’ গঠনের দাবি জানানো হয়েছে।

তিনি আরও জানান, উপকূলীয় অঞ্চলের সার্বিক উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে বরগুনায় অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন) স্থাপন, উপকূলীয় বাতাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন, এবং সুন্দরবন থেকে কক্সবাজার পর্যন্ত সমন্বিত পর্যটন শিল্প গড়ে তোলা।

এছাড়া গভীর সমুদ্রবন্দর নির্মাণ, মাছ সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে রপ্তানি বৃদ্ধি এবং তালতলী ও পাথরঘাটা এলাকায় জাহাজভাঙা শিল্প স্থাপনের সম্ভাবনা নিয়ে জরিপ কার্যক্রম চলমান রয়েছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, মৎস্য গবেষণা কেন্দ্র এবং আধুনিক আবহাওয়া অফিস স্থাপনের পরিকল্পনাও নেওয়া হয়েছে। পাশাপাশি গভীর সমুদ্রে থাকা জেলেদের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

মাদকবিরোধী অবস্থান তুলে ধরে চিফ হুইপ বলেন, বরগুনাকে মাদকমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে বিভিন্ন দপ্তরের সমন্বয়ে একটি কমিটি গঠনের কথাও তিনি উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, পরিকল্পিত উদ্যোগ বাস্তবায়িত হলে উপকূলীয় অঞ্চল দেশের অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।