ঈদের ছুটিতেও খোলা থাকবে যেসব অফিস


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৪, ২০২৬, ৮:৫৭ অপরাহ্ণ
ঈদের ছুটিতেও খোলা থাকবে যেসব অফিস

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশজুড়ে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত বন্ধ থাকবে। তবে জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মীরা এ ছুটির আওতার বাইরে থাকবেন।

বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ঈদের আগে ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) অফিস যথারীতি খোলা থাকবে। এরপর ২৫ মে থেকে শুরু হবে টানা ঈদের সরকারি ছুটি, যা ৩১ মে পর্যন্ত কার্যকর থাকবে।

এ সময়ে জরুরি সেবাসমূহ স্বাভাবিকভাবে চালু থাকবে। এর মধ্যে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট এবং ডাক সেবা অন্তর্ভুক্ত রয়েছে। এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরাও ছুটির বাইরে থাকবেন।

এছাড়া হাসপাতাল ও জরুরি স্বাস্থ্যসেবা কার্যক্রমও চালু থাকবে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহনও এ সময় দায়িত্ব পালন করবেন।

ব্যাংকিং কার্যক্রম পরিচালনা বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে আদালতের কার্যক্রম সংক্রান্ত সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বেসরকারি খাতের শিল্প প্রতিষ্ঠান ও কল-কারখানার ছুটি বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী নির্ধারণ করবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য অফিসও সাধারণ ছুটির আওতার বাইরে থাকবে।