
ঈদুল আজহাকে কেন্দ্র করে ট্রেনের টিকিট ক্রয়ে প্রতারণা ও হয়রানি থেকে সতর্ক থাকতে যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে নির্ধারিত সরকারি অ্যাপ ‘রেল সেবা’ ব্যবহার করে টিকিট ক্রয়ের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার (১৩ মে) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ রেলওয়ে জানায়, ঈদযাত্রাকে ঘিরে কিছু অসাধু চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে টিকিট নিশ্চিত করার নামে সাধারণ যাত্রীদের সঙ্গে প্রতারণা করছে। এসব চক্র প্রথমে টিকিট দেওয়ার আশ্বাস দিয়ে বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা গ্রহণ করছে। পরবর্তীতে টাকা পাওয়ার পর তারা যোগাযোগ বন্ধ করে দিচ্ছে এবং ব্যবহৃত মোবাইল নম্বরও বন্ধ করে দেওয়া হচ্ছে।
রেলওয়ে কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, ঈদ উপলক্ষে শতভাগ টিকিট শুধুমাত্র অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে এবং সরকারি নির্ধারিত অ্যাপ ‘রেল সেবা’ ছাড়া অন্য কোনো মাধ্যমে টিকিট কেনার সুযোগ নেই। তাই যাত্রীদেরকে অন্য কোনো ব্যক্তি, দালাল বা প্রতিষ্ঠানের কাছ থেকে টিকিট না কিনতে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, একজন নিবন্ধিত ব্যবহারকারী একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। টিকিট কেনার সময় সহযাত্রীদের নাম সিস্টেমে যুক্ত করা বাধ্যতামূলক। এছাড়া যে ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে টিকিট কাটা হবে, ভ্রমণের সময় তার মোবাইল ফোন ও ছবিযুক্ত পরিচয়পত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক। আইডি ছাড়া অন্য কেউ সেই টিকিট ব্যবহার করলে তা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।
রেলওয়ে আরও জানিয়েছে, কেউ যদি টিকিট বিক্রির নামে প্রতারণা করে বা অনলাইনের বাইরে টিকিট দেওয়ার প্রলোভন দেখায়, তাহলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে বা রেলওয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জানাতে অনুরোধ করা হয়েছে।
এ ধরনের প্রতারণা রোধে রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও রেলওয়ে পুলিশকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। পাশাপাশি যেকোনো অভিযোগ জানাতে রেলওয়ের হটলাইন ১৩১ নম্বর সার্বক্ষণিক খোলা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আপনার মতামত লিখুন :