
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপদ ও শৃঙ্খলাবদ্ধ যাত্রা নিশ্চিত করতে জরুরি নৌ-বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৪ মে) প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে ঈদযাত্রায় যাত্রীদের জন্য মোট ১৬ দফা নির্দেশনা দেওয়া হয়। এতে নৌযাত্রাকে আরও নিরাপদ ও দুর্ঘটনামুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বিআইডব্লিউটিএ জানায়, অতিরিক্ত যাত্রী পরিবহন ও ছাদে ভ্রমণ নৌযানের ভারসাম্য নষ্ট করে, যা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে। তাই যাত্রীদের নিয়ম মেনে লঞ্চে উঠা-নামা করতে আহ্বান জানানো হয়েছে।
যাত্রীদের প্রতি ১৬ দফা নির্দেশনায় বলা হয়:
১. টিকিট কেটে লঞ্চে উঠুন এবং জাতীয় পরিচয়পত্রের (NID) কপি সঙ্গে রাখুন
২. অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে উঠবেন না
৩. লঞ্চের ছাদে যাত্রী হয়ে উঠবেন না। এতে লঞ্চ ভারসাম্যহীন হয়ে পড়ে এবং নৌদুর্ঘটনার আশঙ্কা সৃষ্টি হয়
৪. শৃঙ্খলাবদ্ধভাবে লঞ্চে আরোহন/অবরোহন করুন। তাড়াহুড়া করে আরোহন/অবরোহন করে জীবনের ঝুঁকি ডেকে আনবেন না
৫. আবহাওয়ার পূর্বাভাস জেনে যাত্রা করুন। দুর্যোগপূর্ণ/খারাপ আবহাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চে ভ্রমণ করবেন না। কোলে অবস্থায় জীবনের ঝুঁকি নেবেন না
৬. জরুরি প্রয়োজনে তাৎক্ষণিকভাবে দায়িত্বরত কর্মকর্তার সহযোগিতা নিন
৭. পথিমধ্যে দুর্ঘটনার আশঙ্কা দেখা দিলে ছুটাছুটি করবেন না। এ ধরনের পরিস্থিতিতে ধীরস্থির ও শান্তভাবে পরিস্থিতি মোকাবিল করুন
৮. পরিবার-পরিজনকে ঈদের ভিড় শুরু হওয়ার পূর্বেই আপনার গন্তব্যে পাঠিয়ে দিন
৯. নৌযানে আরোহন করে লাইফ জ্যাকেট ও লাইফ বয়া বুঝে নিন
১০. যাত্রাপথে অপরিচিত লোকের দেওয়া কোনো কিছু খাবেন না
১১. পকেটমার, অজ্ঞান পাটি এবং ছিনতাইকারীদের থেকে সাবধান থাকুন
১২. দুর্ঘটনার ঝুঁকি নিয়ে নৌকা বা ট্রলার থেকে লঞ্চে উঠবেন না
১৩. লঞ্চ চলন্ত অবস্থায় পথিমধ্যে/মাঝনদীতে ট্রলার থেকে জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চে উঠানামা করবেন না
১৪. ঘাটে লঞ্চ না আসা পর্যন্ত টার্মিনালে অপেক্ষা করুন
১৫. বহনকৃত মালামাল নিজ দায়িত্বে রাখবেন
১৬. যাত্রাপথে কোনো রূপ সমস্যার সম্মুখীন হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিন অথবা হটলাইন নম্বরে যোগাযোগ করুন।
এতে আরও বলা হয়, যেকোনো জরুরি প্রয়োজনে হটলাইন নম্বর ১৬১১৩, জাতীয় জরুরি সেবা ৯৯৯, সরকারি তথ্যসেবা ৩৩৩, ফায়ার সার্ভিস ১০২ ও কোস্টগার্ড ১৬১১১ নম্বরে যোগাযোগ করা যাবে।
আপনার মতামত লিখুন :