ঈদুল আজহায় জাহাজ ও লঞ্চের যাত্রীদের জন্য বড় সুখবর


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৪, ২০২৬, ৬:৪০ অপরাহ্ণ
ঈদুল আজহায় জাহাজ ও লঞ্চের যাত্রীদের জন্য বড় সুখবর

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শ্রমিকদের যাতায়াত সহজ করতে দেশের সব রুটে জাহাজ ও লঞ্চের ভাড়া ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের কথা জানিয়েছে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) সভা।

বৃহস্পতিবার (১৪ মে) ঢাকার সিরড্যাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত এ সভায় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধি বিষয়টি নিশ্চিত করেন। সভায় সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদার এবং প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সভায় জানানো হয়, ঈদযাত্রায় শ্রমিকদের আর্থিক চাপ কমাতে এবং নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এই ভাড়া হ্রাস কার্যকর করা হবে।

শ্রমমন্ত্রী বলেন, শ্রমিকদের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে সরকার বদ্ধপরিকর। তিনি আরও জানান, ২১ মে’র মধ্যে দেশের সব কারখানায় ঈদ বোনাস এবং নির্ধারিত সময়ের মধ্যে মাসিক বেতন পরিশোধ নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিল্পাঞ্চলে যানজট ও ভিড় এড়াতে মালিক ও শ্রমিক পক্ষের সমন্বয়ে পর্যায়ক্রমে কারখানা ছুটি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় অংশ নিয়ে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধি জানান, দেশের সব রুটে জাহাজ ও লঞ্চে ১০ শতাংশ ভাড়া কমানোর সিদ্ধান্ত ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। শ্রমিক নেতারা বলেন, সময়মতো বেতন ও বোনাস পরিশোধ করা হলে শিল্পাঞ্চলে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি হবে না। একই সঙ্গে বকেয়া বেতন দ্রুত পরিশোধ এবং ঈদযাত্রায় বিশেষ বাস, ট্রেন ও লঞ্চের ব্যবস্থা করার দাবি জানান তারা।

সভায় আরও জানানো হয়, বেতন-বোনাস পরিশোধ ও নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় প্রশাসন, জেলা পুলিশ ও শিল্প পুলিশের বিশেষ নজরদারি থাকবে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানানো হয়। অনুষ্ঠানে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনসহ শ্রমিক ও মালিক পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।