ঈদযাত্রা: যেদিন থেকে মিলবে বিআরটিসির অগ্রিম টিকিট


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৪, ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ
ঈদযাত্রা: যেদিন থেকে মিলবে বিআরটিসির অগ্রিম টিকিট

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী যাত্রীদের জন্য আগামী ২৩ মে থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করতে যাচ্ছে সরকারি পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন। বৃহস্পতিবার (১৪ মে) সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদযাত্রায় যাত্রীদের নিরাপদ, আরামদায়ক এবং সাশ্রয়ী ভাড়ায় যাতায়াত নিশ্চিত করতে বিশেষ এই সার্ভিস চালু করা হচ্ছে। এছাড়া যাত্রীদের সুবিধার্থে আগামী ১৭ মে থেকে বিআরটিসির বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। টিকিট সংগ্রহ করে যাত্রীরা আগেভাগেই ঈদযাত্রার পরিকল্পনা করতে পারবেন বলে জানানো হয়েছে।

বিআরটিসি জানায়, ২৩ মে থেকে আনুষ্ঠানিকভাবে ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু হবে এবং ঈদ উপলক্ষে বাড়তি যাত্রীচাপ সামাল দিতে বিশেষ রুটে অতিরিক্ত বাস পরিচালনা করা হবে। সংস্থাটি আরও জানিয়েছে, ঈদযাত্রাকে নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে এবং যাত্রীসেবার মান বজায় রাখতে প্রয়োজনীয় তদারকি করা হবে।

এদিকে ঈদকে সামনে রেখে সড়কপথে ঘরমুখী মানুষের চাপ বাড়তে শুরু করায় পরিবহন ব্যবস্থাপনায় বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, বিআরটিসির এই বিশেষ সেবা যাত্রীদের ভোগান্তি কমাতে সহায়ক হবে।