
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ‘ঈদ স্পেশাল বাস সার্ভিস’ চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন। বৃহস্পতিবার (১৮ মে) সংস্থাটির জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৩ মে থেকে এই বিশেষ বাস সার্ভিস কার্যকর হবে। ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ, আরামদায়ক এবং সাশ্রয়ী যাত্রা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। বিআরটিসি জানায়, সাশ্রয়ী ভাড়ায় দেশের বিভিন্ন গন্তব্যে যাত্রী পরিবহন নিশ্চিত করতে সংস্থাটি তাদের নিজস্ব বহরের বাস দিয়ে এই বিশেষ সার্ভিস পরিচালনা করবে।
এছাড়া ঈদযাত্রা সহজ করতে আগামী ১৭ মে থেকে এসব স্পেশাল বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের নির্ধারিত সময়ের মধ্যে টিকিট সংগ্রহ করে এই সেবা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রতি বছর ঈদের ছুটিতে রাজধানীসহ দেশের বিভিন্ন শহর থেকে গ্রামমুখী মানুষের ব্যাপক চাপ তৈরি হয়। সেই চাপ সামাল দিতে এবং সাধারণ যাত্রীদের ভোগান্তি কমাতে বিআরটিসি এই বিশেষ ব্যবস্থা নিয়েছে।
ঢাকা থেকে দেশের বিভিন্ন রুটে চলাচলকারী এসব বাসের টিকিট বুকিং ও বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট বিআরটিসি বাস ডিপো ও কাউন্টার থেকে জানা যাবে বলে জানানো হয়েছে। ঈদকে কেন্দ্র করে সড়কপথে যাত্রীচাপ বাড়ার আশঙ্কা থাকায় পরিবহন খাতে আগে থেকেই বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :