ইবির নতুন উপাচার্য ড. এ কে এম মতিনুর রহমান


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৪, ২০২৬, ৭:০৪ অপরাহ্ণ
ইবির নতুন উপাচার্য ড. এ কে এম মতিনুর রহমান

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক।

বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয়–এর আইন, ১৯৮০ (সংশোধিত ২০১০)-এর ১০(১) ধারা অনুযায়ী তাকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের বয়স পর্যন্ত—যেটি আগে ঘটবে।

এতে আরও বলা হয়, উপাচার্য পদে দায়িত্ব পালনকালে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্রয়োজনবোধে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন। অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং পরে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তিনি দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে ছিলেন। এর মধ্যে রয়েছে প্রেস প্রশাসক, হল প্রভোস্ট, বিভাগীয় সভাপতি, প্রক্টর এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন পদে দায়িত্ব পালন।

শিক্ষক রাজনীতিতে তিনি ইবি শাখা সাদা দলের আহ্বায়ক এবং কেন্দ্রীয় জিয়া পরিষদের সহ-সভাপতি হিসেবে পরিচিত। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বও পালন করেছেন। নতুন নিয়োগের মাধ্যমে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৫তম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।