
চলতি বছরেও দেশের রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। মে মাসের প্রথম ১২ দিনে দেশে এসেছে ১৬০ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয়। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৯ হাজার ৭০১ কোটি ৩৭ লাখ টাকা, প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা হিসাবে।
বুধবার (১৩ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংক-এর মুখপাত্র আরিফ হোসেন খান। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু মঙ্গলবার (১২ মে) একদিনেই দেশে রেমিট্যান্স এসেছে প্রায় দুই হাজার কোটি ৩৭ লাখ টাকা।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, গত বছরের মে মাসের প্রথম ১২ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১১৩ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪১ দশমিক ৬০ শতাংশ। বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে প্রবাসীদের আগ্রহ বৃদ্ধি, ব্যাংকিং ব্যবস্থার সহজীকরণ এবং সরকারের বিভিন্ন প্রণোদনা এ প্রবৃদ্ধির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের সামগ্রিক হিসাবেও রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১২ মে পর্যন্ত দেশে মোট তিন হাজার ৯৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এ অঙ্ক ছিল দুই হাজার ৫৬৭ কোটি ১০ লাখ ডলার।
সে হিসাবে, গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২০ দশমিক ৫০ শতাংশ। অর্থনীতিবিদরা বলছেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখা, আমদানি ব্যয় মেটানো এবং ডলারের বাজার স্থিতিশীল রাখতে রেমিট্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করতে সরকারের উদ্যোগ অব্যাহত থাকলে আগামী মাসগুলোতেও প্রবাসী আয়ের ইতিবাচক ধারা বজায় থাকবে।
আপনার মতামত লিখুন :