শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৩, ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ
শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষক সংকট নিরসন এবং নেতৃত্বভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম জোরদারের লক্ষ্যে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অফিসকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ–এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের মধ্যে শিক্ষা খাতের অভিজ্ঞতা বিনিময়, শিক্ষক প্রশিক্ষণ, বিদ্যালয় ব্যবস্থাপনা এবং নেতৃত্ব উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও শিক্ষার সামগ্রিক মান আরও উন্নত করার প্রয়োজন রয়েছে। বিশেষ করে শিক্ষক সংকট এবং দক্ষ নেতৃত্বের অভাব অনেক ক্ষেত্রে শিক্ষার গুণগত উন্নয়নে চ্যালেঞ্জ তৈরি করছে।

তিনি আরও জানান, বাংলাদেশ থাইল্যান্ডের শিক্ষা ব্যবস্থার কার্যকর দিকগুলো পর্যালোচনা করে তা দেশের বাস্তবতায় প্রয়োগ করতে আগ্রহী। এ লক্ষ্যে শিক্ষক প্রশিক্ষণ, প্রধান শিক্ষকদের নেতৃত্ব উন্নয়ন এবং কারিগরি সহযোগিতার বিষয়ে যৌথভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে।

থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি বলেন, বাংলাদেশের প্রাথমিক শিক্ষা খাতে উন্নয়নের উদ্যোগ প্রশংসনীয়। শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষার্থীদের শেখার মান বৃদ্ধি এবং বিদ্যালয় নেতৃত্ব উন্নয়নে থাইল্যান্ড সহযোগিতা করতে আগ্রহী। তিনি বলেন, দুই দেশের অভিজ্ঞতা বিনিময় পারস্পরিকভাবে উপকার বয়ে আনবে এবং শিক্ষা খাতে নতুন সম্ভাবনা তৈরি করবে।

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান এবং থাই দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিক্ষা খাতের এই সহযোগিতাকে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।