উচ্চপর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে ডোনাল্ড ট্রাম্প চীনে পৌঁছেছেন। বুধবার (১৩ মে) স্থানীয় সময় রাত ৮টার দিকে তার বিশেষ বিমান এয়ার ফোর্স ওয়ান বেইজিং-এ অবতরণ করে। সফরকে কেন্দ্র করে বিমানবন্দরে জাঁকজমকপূর্ণ আয়োজন করা হলেও সেখানে উপস্থিত ছিলেন না চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
মার্কিন সংবাদমাধ্যম CNN-এর প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিং বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানান চীনের ভাইস প্রেসিডেন্ট হান জেং। তিনি শি জিনপিংয়ের বিশেষ প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন। হান জেং চীনের কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটির সাবেক সদস্য এবং এর আগেও ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।
ট্রাম্পকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড পারডিউ, যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত শিয়ে ফেং এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী ভাইস মিনিস্টার মা ঝাওশু।
রাজকীয় এই আয়োজনে সামরিক গার্ড অব অনার, সামরিক ব্যান্ড এবং নীল-সাদা ইউনিফর্ম পরা প্রায় ৩০০ তরুণ-তরুণীর পতাকা হাতে কুচকাওয়াজ ছিল বিশেষ আকর্ষণ। পুরো আয়োজনের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।
এই সফরে ট্রাম্পের সঙ্গে রয়েছেন বিশ্বের প্রভাবশালী দুই ব্যবসায়ী—ইলন মাস্ক এবং জেনসেন হুয়াং। সফরকালে আগামী দুই দিনে শি জিনপিংয়ের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা রয়েছে ট্রাম্পের।
বিশ্লেষকদের ধারণা, সফরের মূল কেন্দ্রবিন্দু হবে বিশ্ব বাণিজ্য ও মার্কিন-চীন অর্থনৈতিক সম্পর্ক। দীর্ঘদিনের বাণিজ্য উত্তেজনা কমিয়ে মার্কিন কোম্পানিগুলোর জন্য চীনের বাজার আরও উন্মুক্ত করার বিষয়টি আলোচনায় গুরুত্ব পেতে পারে।
চীনে পৌঁছানোর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তিনি শি জিনপিংকে ব্যবসার জন্য চীনের বাজার আরও উন্মুক্ত করার আহ্বান জানাবেন।
আপনার মতামত লিখুন :