কুমিল্লা নগরীতে টেকসই ও আধুনিক পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে কুমিল্লা ওয়াসা গঠনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এ বিষয়ে বুধবার (১৩ মে) সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে বিভিন্ন মন্ত্রণালয়ের অংশগ্রহণে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সভায় কুমিল্লা শহরের ক্রমবর্ধমান জনসংখ্যা, দ্রুত নগরায়ন এবং ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় সুপেয় পানি সরবরাহ, আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদি নগর ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।
মন্ত্রী বলেন, কুমিল্লা শহরের নাগরিকদের জন্য একটি কার্যকর ও আধুনিক পানি ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তুলতে ওয়াসা গঠন একটি সময়োপযোগী উদ্যোগ। তিনি সংশ্লিষ্ট সব দফতর ও সংস্থাকে সমন্বিতভাবে কাজ করে দ্রুত প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার নির্দেশনা দেন। একই সঙ্গে তিনি নগরবাসীর নিরাপদ পানির সরবরাহ নিশ্চিত করতে পরিকল্পিত ও টেকসই উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান এবং কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুসহ সংশ্লিষ্ট দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকারের এই সিদ্ধান্তকে কুমিল্লা নগরীর দীর্ঘমেয়াদি পানি ও নগর ব্যবস্থাপনা উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
আপনার মতামত লিখুন :