আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ২৮ মে ঈদুল আজহা ধরে বুধবার (১৩ মে) থেকে প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। এদিন ২৩ মে যাত্রার টিকিট বিক্রি করা হচ্ছে।
রেলওয়ে জানিয়েছে, যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে। বুধবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। আর পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।
ঈদ উপলক্ষে নেওয়া বিশেষ কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে মোট পাঁচ দিনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। আগামী ১৪ মে বিক্রি হবে ২৪ মে যাত্রার টিকিট, ১৫ মে বিক্রি হবে ২৫ মে যাত্রার টিকিট, ১৬ মে বিক্রি হবে ২৬ মে যাত্রার টিকিট এবং ১৭ মে বিক্রি হবে ২৭ মে যাত্রার টিকিট।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদের অগ্রিম যাত্রার ক্ষেত্রে একবারেই টিকিট কিনতে পারবেন এবং সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন। এছাড়া অগ্রিম কেনা টিকিট ফেরত বা রিফান্ড করা যাবে না বলেও জানানো হয়েছে। তবে যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। তবে এ সুবিধা উচ্চ শ্রেণির বগির ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
এদিকে কোরবানির পশু পরিবহনের সুবিধার্থে বিশেষ ব্যবস্থাও নিয়েছে রেলওয়ে। এ উপলক্ষে ‘ক্যাটল স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেন ২২ ও ২৩ মে চলাচল করবে। ট্রেন দুটি দেওয়ানগঞ্জ বাজার ও ইসলামপুর বাজার থেকে ছেড়ে কমলাপুর, তেজগাঁও ও ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছাবে।
অন্যদিকে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রতিটি যাত্রীবাহী ট্রেনে নারী যাত্রীদের জন্য একটি নির্দিষ্ট বগি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১২ মে) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আপনার মতামত লিখুন :