
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে গতিশীল করতে মোট ৯টি নতুন ও সংশোধিত উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৩৬ হাজার ৬৯৫ কোটি ৭২ লাখ টাকা।
বুধবার (১৩ মে) সচিবালয়ের কেবিনেট কক্ষে একনেকের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দুটি প্রকল্প—চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন (২য় সংশোধিত) এবং গণগ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন নির্মাণ (২য় সংশোধিত) প্রকল্প। এছাড়া স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জেলা শহরে মা ও শিশু কল্যাণ কেন্দ্রগুলোকে ৩০ শয্যায় উন্নীতকরণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে “হাই-টেক সিটি-২ এর সহায়ক অবকাঠামো নির্মাণ” প্রকল্পের তৃতীয় সংশোধনী অনুমোদন পেয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় সরকারি শিশু পরিবার ও ছোটমনি নিবাস নির্মাণ ও পুনর্নির্মাণ প্রকল্পও অনুমোদিত হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে সাভার সেনানিবাসে সৈনিকদের আবাসন সংকট নিরসনে এসএম ব্যারাক কমপ্লেক্স নির্মাণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতায় চট্টগ্রাম সিটি আউটার রিং রোড (পতেঙ্গা থেকে সাগরিকা) প্রকল্পের পঞ্চম সংশোধন অনুমোদন পায়।
পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে পদ্মা ব্যারেজ (প্রথম পর্যায়) প্রকল্প এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ময়মনসিংহ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহের জন্য ধনুয়া–ময়মনসিংহ গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্প (প্রথম সংশোধন) অনুমোদিত হয়।
মোট প্রকল্প ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে ৩৬ হাজার ৪৯১ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন প্রায় ২০৫ কোটি টাকা। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
আপনার মতামত লিখুন :