১৬ মাসে দেশে এসেছেন নতুন করে দেড় লাখ রোহিঙ্গা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৩, ২০২৬, ১:১৪ অপরাহ্ণ
১৬ মাসে দেশে এসেছেন নতুন করে দেড় লাখ রোহিঙ্গা

বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ কমছে না। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত ও সহিংসতার কারণে গত ১৬ মাসে নতুন করে প্রায় দেড় লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

বুধবার (১৩ মে) প্রকাশিত সংস্থাটির মাসিক প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশ করা ১ লাখ ৪৯ হাজার ৭৬৯ জন রোহিঙ্গা নিবন্ধন করা হয়েছে। এর মধ্যে গত মাসেই নতুন করে ২ হাজার ৭৮০ জনকে আগত হিসেবে নিবন্ধিত করা হয়েছে।

ইউএনএইচসিআর জানায়, বর্তমানে বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পে মোট ১১ লাখ ৯৪ হাজার ১২৩ জন রোহিঙ্গাকে চিহ্নিত করা গেছে। এর মধ্যে ৭৮ শতাংশই নারী ও শিশু, এবং প্রায় ১২ শতাংশ প্রতিবন্ধী ব্যক্তি।

জাতিসংঘ সংস্থাটি আরও বলছে, ২০২৪ সাল থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা ও নির্যাতনের ফলে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে, যার কারণে রোহিঙ্গারা নিরাপত্তার খোঁজে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১৯৯০ ও ২০১৭ সালের পর মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত ইউএনএইচসিআর মোট ১০ লাখ ৪৪ হাজার ৩৫৪ জন রোহিঙ্গাকে নিবন্ধন করেছে। এর মধ্যে ৩৯ হাজার ৬৯১ জন ১৯৯০ সালের পর এবং ১০ লাখ ৪ হাজার ৬৬৩ জন ২০১৭ সালের পর বাংলাদেশে এসেছে।

সংস্থাটি বলছে, রাখাইন রাজ্যে ক্রমবর্ধমান সংঘাতের কারণে নতুন শরণার্থীদের প্রবেশ অব্যাহত রয়েছে। ফলে ক্যাম্পগুলোতে নতুন আগতদের বায়োমেট্রিক নিবন্ধন কার্যক্রমও চলমান রয়েছে।