
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় র্যাব-৭ এর অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুদ করা সরকারি চাল জব্দ করা হয়েছে। বিশেষ মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে প্রায় ১৪ হাজার ৪৬৫ মন চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-৭, চট্টগ্রাম সূত্রে জানা যায়, সীতাকুণ্ড থানার কদমরসুলপুর এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী কোনো বৈধ লাইসেন্স ছাড়াই সরকারি চাল গুদামজাত করে রাখছিল। পরে সরকারি বস্তা পরিবর্তন করে অন্য মোড়কে এসব চাল অধিক দামে বাজারজাত করা হচ্ছিল বলে অভিযোগ পাওয়া যায়।
গোপন সংবাদের ভিত্তিতে ১৩ মে ২০২৬ বুধবার সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা ৪০ মিনিট পর্যন্ত জেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তরের সমন্বয়ে একটি বিশেষ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে সরকারি চালের অবৈধ মজুদের সত্যতা মিললে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারায় বিপুল পরিমাণ চাল জব্দ করা হয়।
এ সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুল আজিজ (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি চট্টগ্রামের জোরারগঞ্জ থানার বামুন সুন্দর এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং অসাধু ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সরকারি খাদ্যশস্য নিয়ে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। নিরাপদ খাদ্য অধিদপ্তর ও জেলা প্রশাসনের সহায়তায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জব্দকৃত চাল ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। স্থানীয় সচেতন মহল বাজার নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় র্যাবের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে।
আপনার মতামত লিখুন :