
জুলাই আন্দোলনে নিহত রিকশাচালক রিপন হত্যা মামলায় সাবেক সিনিয়র সচিব (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) জাহাংগীর আলমকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।বুধবার (১৩ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জাহাংগীর আলমের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী।
তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে রিপন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে গত ১১ মে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের লালবাগ জোনাল টিমের পরিদর্শক মোহসীন উদ্দিন জাহাংগীর আলমকে গ্রেপ্তারের আবেদন করেন। আদালত শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন।
বুধবার শুনানিকালে জাহাংগীর আলমকে হুইলচেয়ারে করে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট সদরঘাট এলাকায় আন্দোলন চলাকালে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে রিকশাচালক রিপন গুলিবিদ্ধ হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট মারা যান রিপন। ঘটনার পর ২৮ আগস্ট রিপনের স্ত্রী শামীমা আক্তার কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩১ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া আরও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় জাহাংগীর আলম নির্বাচন কমিশনের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে নিয়োগ দেয়। সরকার পরিবর্তনের পর গত ১৪ আগস্ট তাকে পদত্যাগ করতে হয়।
আপনার মতামত লিখুন :